মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অভিনেত্রীর

প্রকাশ: 04 Sep, 2026 | 08:33 AM
মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অভিনেত্রীর

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া ঘাতক গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ। বনানী থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি অভিনেত্রীর পরিবারকে নিশ্চিত করা হয়েছে। তবে গাড়ি ও চালক শনাক্ত হলেও দীর্ঘ সময়ক্ষেপণ এবং থানা-পুলিশের তদন্ত প্রক্রিয়ায় তীব্র অসহযোগিতার অভিযোগ তুলেছেন মেঘলা মুক্তা।

এর আগে গত ২৮ জুলাই রাতে রাজধানীর বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি মেঘলা মুক্তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর পথচারী ও স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক মাস আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুর্ঘটনার তীব্রতায় তার মুখমণ্ডল ও মাথায় মারাত্মক জখম হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় মুখে একাধিক সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর সম্প্রতি তিনি কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

দুর্ঘটনার পর পরই মেঘলার সহকর্মীরা বনানী থানায় সেই গাড়ি ও চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তাতে পুলিশের কোনো তৎপরতা মা দেখে মেঘলার বাবা বাদী হয়ে বনানী থানায় ১ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করার কথা মেঘলা মুক্তাকে জানায়।

পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে মেঘলা মুক্তা জানান, ঘটনার পর থেকেই বনানী থানা-পুলিশের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি। পরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদের নির্দেশে চালকসহ গাড়িটি আটক করে বনানী থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে পরিবারকেই থানায় ধরনা দিতে হয়েছে। পুলিশ শুরু থেকেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং চালককে আটকের পরও পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও গড়িমসির চিত্র ফুটে উঠেছে বলে তিনি অভিযোগ করেন।

অভিনেত্রীর দাবি, পুলিশ কেবল আনুষ্ঠানিকতার খাতিরে পরিবারকে গাড়ি ও চালক আটকের বিষয়টি অবহিত করেছে, কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপ ও দৃশ্যমান বিচারের বিষয়ে এখনও সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেয়নি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মেঘলা মুক্তা ও তার পরিবার।