দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াই! অন্য দেশের পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সন্দেহ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাওয়া জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে তাঁর কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু শর্তে বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই ইউএই-তে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন ও আদালতে পিটিশন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানকার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে কোন কোন শর্তে জামিন দেওয়া হয়েছে, তার সার্টিফাইড কপি সংগ্রহের অনুরোধ করা হয়েছে। আইনি ও কূটনৈতিক উভয় পথ ব্যবহার করে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে তিনি অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন কি না, সে বিষয়েও সরকারের সন্দেহ রয়েছে।
সচিবালয়ে কথা বলার সময় সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেন মন্ত্রী। সম্প্রতি মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে এবং আশুলিয়ায় ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত তা নিষ্ক্রিয় করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ এই নাশকতা চালানের চেষ্টা করছে কি না এবং দুটি ঘটনার মধ্যে সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের আতঙ্কের কারণ নেই।
এছাড়া শেখ হাসিনার সরকারের পতনের দিনটিকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী জানান, মাফিয়া ও নিষিদ্ধ ঘোষিত শক্তি হিসেবে চিহ্নিত দলের বড় কোনো কর্মসূচি পালনের সামর্থ্য নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পুলিশের সুরক্ষা নিশ্চিতে বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।