জয়া আহসান অভিনীত Hues of Longing নির্বাচিত ১৩তম London Fashion Film Festival 2026-এ

প্রকাশ: 02 Sep, 2026 | 08:04 AM
জয়া আহসান অভিনীত Hues of Longing নির্বাচিত ১৩তম London Fashion Film Festival 2026-এ

আন্তর্জাতিক ফ্যাশন ও সিনেমা অঙ্গনে ফের বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত কাব্যিক ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ (Hues of Longing) আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল (LFFF) ২০২৬’-এ। ফ্যাশন ও চলচ্চিত্রের মেলবন্ধন নিয়ে আয়োজিত বিশ্বের অন্যতম সেরা এই আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট এন্ড’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব।

মুম্বাইভিত্তিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজনা সংস্থা ‘ইয়ানুস ফিল্মস’-এর ব্যানারে ছবিটি রচনা ও পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা জুটি রণদীপ ভট্টাচার্য ও যুদ্ধাজিৎ বাগচী। ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতো-র কালজয়ী মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’-এর আবেগপূর্ণ জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘হিউজ অব লংগিং’। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার এক অন্তর্মুখী ব্যাকুলতা ফুটিয়ে তোলা হয়েছে এই ভিজ্যুয়াল কবিতায়। অতীতে এই চরিত্রটিতে ইনগ্রিড বার্গম্যান, সোফিয়া লরেন এবং টিল্ডা সুইন্টনের মতো বিশ্বখ্যাত অভিনেত্রীরা অভিনয় করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জয়া আহসান, যেখানে তাঁর সংযত ও গভীর অভিনয়ই হয়ে উঠেছে গল্প বলার মূল ভাষা।

ছবিটির পেছনের গল্পও বেশ আকর্ষণীয়। দুই পরিচালকের নিজস্ব শহর পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের হুগলি নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক পুরনো বাঙালি বাড়িতে পুরো ছবিটির শুটিং করা হয়েছে। ঔপনিবেশিক আমলের সেই বাড়ির ক্ষয়প্রাপ্ত দেয়াল, বারান্দা আর আলো-ছায়ার খেলায় ভালোবাসার অপেক্ষা আর বিরহের এক অন্তরঙ্গ আবহ তৈরি করা হয়েছে। এতে জয়া আহসানের স্টাইলিং করেছেন কলকাতার শিল্পী ঋষভ।

উল্লেখ্য, গত ১২ বছর ধরে বিশ্ব ফ্যাশন সিনেমার অন্যতম শীর্ষ মঞ্চ হিসেবে বিবেচিত হয়ে আসছে এই উৎসব। এর আগে ডিওর, গুচি, টম ফোর্ড, প্রাডা ও ভ্যালেন্টিনোর মতো বিশ্বের সেরা সব লাক্সারি ব্র্যান্ডের কাজ যেখানে প্রদর্শিত হয়েছে, সেখানে জয়া আহসানের এই স্বাধীন ফ্যাশন ফিল্মটির অফিশিয়াল সিলেকশন পাওয়া এক বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি।

বিষয়: বিনোদন