‘শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল!’ ৫ আগস্টের স্মৃতি নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল

প্রকাশ: 03 Aug, 2026 | 06:30 AM
‘শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল!’ ৫ আগস্টের স্মৃতি নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঐতিহাসিক ও নাটকীয় পরিবর্তনের দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে সেদিনের ঘটে যাওয়া ঘটনার অজানা নানা তথ্য ও নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল জানান, ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে সেনাসদর থেকে তাঁর কাছে ফোন আসে। সেনাপ্রধান সেসময় তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের বার্তা দিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে বিশেষ বৈঠকে বসার আমন্ত্রণ জানান। সেনাবাহিনী পাঠানো গাড়িতে চড়ে সেনাসদরে পৌঁছানোর পর সেখানে তিন বাহিনীর প্রধানসহ বেশ কয়েকটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দেখতে পান তারা।

সেনাসদরের সেই বৈঠকে শেখ হাসিনার দেশত্যাগের খবর পৌঁছালে পুরো পরিবেশটাই বদলে যায় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজপথের লড়াইয়ের পর স্বৈরাচারী শাসনের অবসান ঘটার ওই মুহূর্তটি সত্যিই অলৌকিক ও অবর্ণনীয় এক অনুভূতির জন্ম দিয়েছিল। পরবর্তীতে বৈঠক শেষে সেনাসদর থেকে বঙ্গভবন পর্যন্ত যাওয়ার পথে ঢাকার রাজপথে বাঁধভাঙা মানুষের উল্লাস তিনি প্রত্যক্ষ করেন।

বঙ্গভবনে পরবর্তী সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি ও শীর্ষ সেনাকর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনার কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান, সেখানে সবার আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি তোলা হয়, যা উপস্থিত সবাই একবাক্যে মেনে নেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও এর প্রধান হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাবের ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্রনেতাদের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

বিষয়: জাতীয়