এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

প্রকাশ: 10 Aug, 2026 | 06:19 AM
এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। তুলনামূলক বিশ্লেষণে এবার গড় পাসের হার কমেছে ৬.২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল হস্তান্তর করেন। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছরের চেয়ে ৩.৯৯ শতাংশ কম। ৯টি সাধারণ বোর্ডের মধ্যে সর্বোচ্চ ৭১.৬৩ শতাংশ পাস নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এছাড়া কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭.৩৯ শতাংশ পাসের হার ময়মনসিংহ বোর্ডে। মাদরাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ।

পরীক্ষার্থীরা অনলাইনে eduboardresult.gov.bdeducationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <২০২৬> লিখে পাঠাতে হবে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

বিষয়: জাতীয়