এসএসসির ফলাফলে মেয়েদের জয়জয়কার: পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই পেছনে ছেলেরা
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের স্পষ্ট ব্যবধানে পেছনে ফেলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ছাত্রীরা। পাসের হার এবং সর্বোচ্চ সূচক জিপিএ-৫ দুই বিভাগেই একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে দেশের নারী শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডের একটিতেও পাসের হার কিংবা জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় ছেলেদের পক্ষে মেয়েদের টপকানো সম্ভব হয়নি।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ৮.৮২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছে।
একই চিত্র দেখা গেছে মেধা তালিকার শীর্ষে থাকা জিপিএ-৫ ফলাফলেও। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। উল্লেখ্য, গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ অর্জন করেছিল।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানেও দেখা গেছে মেয়েদের সমান জয়জয়কার। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭.৯১ শতাংশ এবং ছেলেদের ৫৯.৭৩ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১.৬৪ শতাংশের বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বড় ব্যবধানে এগিয়ে থেকে মেয়েরা অর্জন করেছে ৬৭.৮৪ শতাংশ পাসের হার, যেখানে ছেলেদের পাসের হার ছিল ৫১.১৪ শতাংশ।