খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করে পুলিশ।সোমবার দিবাগত রাত ১২টার দিকে মেরাদিয়া বাজারে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে সা...
রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে মেরাদিয়া বাজারে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেট কার পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়।
এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
এসআই আরও জানান, ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং এর চালককে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
মৃত শাহিনের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন। শাহিন মেরাদিয়ার পোড়াবাড়ি এলাকায় থাকতেন।